জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে ‘প্রাইভেট ইনিশিয়েটিভ’ হিসেবে বিবেচনা করছে অন্তর্বর্তী সরকার।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার (২৯ ডিসেম্বর) যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে বলেন, “জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই। এটি একটি ‘প্রাইভেট ইনিশিয়েটিভ’।
প্রেস সচিবের সঙ্গে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ঘোষণাপত্র প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার নয়।”
সচিবালয়ে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড প্রসঙ্গে শফিকুল আলম জানান, “সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। প্রাথমিক প্রতিবেদন আগামীকাল (সোমবার) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে।”
তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতে সচিবালয়ে চলাচল সীমিত করা হয়েছে। তবে সাংবাদিকদের জন্য কিছুটা শিথিলতা আনা হচ্ছে। তিনি জানান, “আগামীকাল থেকে প্রথম পর্যায়ে ২০০ জন সাংবাদিক অস্থায়ী পাস পাবেন।”
রোববার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সংবাদ সম্মেলনে জানায়, আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে।
এ ঘোষণাপত্রকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে সরকার বিষয়টিকে তাদের কার্যক্রমের বাইরে একটি স্বাধীন উদ্যোগ হিসেবে দেখছে।
মুক্তকাল/এসআর




