বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা।
বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমের কাছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানান।
তিনি বলেন, গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। তার সর্বশেষ যে রিপোর্টগুলো তার প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছেন এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে লন্ডনের আরও দুইজন চিকিৎসক উনাকে দেখবেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে তার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ উনাকে তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেসার, রিউমোটো আর্থ্রারাইটিজ প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন যাতে আমরা এটাকে এক ছাঁদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলার নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো সেটা করার ব্যাপারে উনারা উদ্যোগ গ্রহণ করেছেন।
চিকিৎসক জাহিদ বলেন, তারপরে উনার সার্বিক অবস্থা বিবেচনা করে উনার বয়স, উনার রোগের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতি গত সাড়ে ৫ বছর যাবত বাংলাদেশে বন্দি থাকা অবস্থায়, সুচিকিৎসা কম পাবার জন্য যা হয়েছে, বাইরে নিতে না পারার জন্য যা হয়েছে সেগুলো বিবেচনায় রেখে, উনার বয়সের কথা বিবেচনায় রেখে উনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরণের চিকিৎসা পদ্ধতি উনার অনুসরণ করবে বলে আমরা আশা করি এবং উনার (লন্ডন ক্লিনিক) সেই ধরনের চিন্তা করছেন।
তিনি বলেন, সেটা হয়ত আগামী দুই-তিনদিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেন্ডেড মেম্বার আছেন উনারও এদেশের (লন্ডন) এবং দেশের বাইরের তারা এই ব্যাপারে মতামত দেবেন পরবর্তিতে সেই অনুযায়ী ইনশাল্লাহ উনার চিকিৎসা চলবে।
অধ্যাপক জাহিদ বলেন, ‘আমরা দেশবাসীর কাছে দোয়া চাই উনার সুস্থতার জন্য। ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
মুক্তকাল/এসআর




