মুক্তকাল ডেক্স;
বরিশাল সদর–৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের বিপরীতে জামায়াতে ইসলামীর প্রার্থী মোয়াযযম হোসাইন হেলাল তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এ সময় বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোয়াযযম হোসাইন হেলাল। তিনি জানান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং বৃহত্তর স্বার্থ বিবেচনায় চরমোনাই পীরের প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি বলেন, “২৯ ডিসেম্বর বরিশালবাসীকে সঙ্গে নিয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করেছিলাম। জামায়াতে ইসলাম ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, পারস্পরিক আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ভিত্তিতে দেশ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলাম এবার মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে সমর্থন দিচ্ছে। সে কারণেই তিনি নিজ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থকদের মুফতি ফয়জুল করীমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
তবে বরিশাল–৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করবেন না বলেও জানান হেলাল। তিনি বলেন, ওই আসনে জামায়াত ইসলামী আন্দোলনকে ছাড় দেবে কি না, সে সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের পক্ষ থেকেই আসবে
মুফতি ফয়জুল করীমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার




