Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

দুই আসনে প্রার্থীশূন্য বিএনপি জোট, জামায়াত জোটে সংকট নেই

দুই আসনে প্রার্থীশূন্য বিএনপি জোট, জামায়াত জোটে সংকট নেই

Oplus_131072

মুক্তকাল রিপোর্টার :
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের অর্ধেকেরও বেশি প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৭২৩ জনের মধ্যে ৪২৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি, যা মোট বাদ পড়া প্রার্থীর প্রায় ৫৯ শতাংশ। এর মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের ২৬৩ জন এবং স্বতন্ত্র ১৬২ জন প্রার্থী রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার সংখ্যা এবার আগের সব রেকর্ড ছাড়িয়েছে। তবে বিএনপি ও তার জোটের বিকল্প প্রার্থী না থাকায় বর্তমানে দুটি আসন প্রার্থীশূন্য রয়েছে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে ইসি। এরপর থেকেই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
ইসির ৯ দিনের আপিল শুনানিতে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত অভিযোগে বাদ পড়া অধিকাংশ প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। বৈধ ঘোষিতদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন।
তবে বিএনপির কুমিল্লা-৪ ও চট্টগ্রাম-২ আসনে কোনো বিকল্প প্রার্থী না থাকায় আপাতত এই দুটি আসন প্রার্থীশূন্য রয়েছে। যদিও সংশ্লিষ্ট প্রার্থীরা উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী ও তাদের জোটে প্রার্থী সংকট নেই। বাছাইয়ে বাদ পড়া সব প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। জোটগত সমঝোতার কারণে শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতে জামায়াত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করবেন বলে জানিয়েছে দলীয় সূত্র।
আপিল শুনানিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে জাতীয় পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। জাতীয় পার্টির অধিকাংশ বাদ পড়া প্রার্থী প্রার্থিতা ফিরে পাওয়ায় দলটি বর্তমানে ১৯৫টি আসনে বৈধ প্রার্থী নিয়ে মাঠে রয়েছে।
স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেও ইসি তুলনামূলক উদার মনোভাব দেখিয়েছে। বাছাইয়ে বাতিল হওয়া অনেক স্বতন্ত্র প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। ইসি জানিয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কুমিল্লা-৩ আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে ইসি। একই সঙ্গে জাতীয় পার্টির একজন ও তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
ইসি আশা প্রকাশ করেছে, সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertisement
Advertisement