Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:00 pm
অন্যান্য

সুশাসন, শান্তি ও পরিবর্তনের অঙ্গীকারে জামালপুর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়নপত্র দাখিল

সুশাসন, শান্তি ও পরিবর্তনের অঙ্গীকারে জামালপুর-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়নপত্র দাখিল

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. মুজিবুর রহমান আজাদী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা মুজিবুর রহমান আজাদী বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৪-এর আন্দোলনে আমরা অনেক তাজা প্রাণ হারিয়েছি। এই ত্যাগ শুধুমাত্র একটি সুন্দর, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। আমরা দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে ন্যায়ের পথে এগোতে চাই। নারী-পুরুষের সমমর্যাদা নিশ্চিত করে, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
তিনি ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “নিজের ধর্মের প্রতি যেমন শ্রদ্ধাশীল হতে হবে, তেমনি অন্যের ধর্মের প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে। বিভেদ ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা থাকলেও আমরা অতীতেও বিভাজনের রাজনীতি করিনি, ভবিষ্যতেও করবো না।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলহাজ্ব ইদ্রিস আলী, নায়েবে আমির সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফারাজি, পৌর আমির শরাফত আলী ফারাজি, উপজেলা বায়তুলমাল সম্পাদক শেখ মুজিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।

Advertisement
Advertisement