আবু সাঈদ গালিব
দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশকে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে হলে পরীক্ষার জন্য হলেও একবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন জামালপুর-০১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জনসভাটি অনুষ্ঠিত হয় খোলাবাড়ি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায়।
চিকাজানি ইউনিয়ন (উত্তর) শাখা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জয়নুল আবেদীন কাদেরীর সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহবুবুর রহমান তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী আতিকুর রহমান, সহকারী সেক্রেটারি হাজী ইসমাইল হোসাইন, চিকাজানি (দক্ষিণ) ইউনিয়নের সভাপতি আলমাছ হোসাইন, স্থানীয় নেতা মোখলেছুর রহমান, আতাউর রহমান, আবদুল্লাহ আল কাফি এবং যুবনেতা গালিব প্রমুখ।
নাজমুল হক সাঈদী তার বক্তব্যে অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে তার আলোকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান। একই সঙ্গে তিনি নির্বাচনের পূর্বে “ফ্যাসিস্টদের খুন, গুম ও গণহত্যার বিচার”, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধকরণসহ জামায়াত ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি বলেন, “সারা দেশের মানুষ আজ জামায়াতের প্রতি আস্থা প্রকাশ করছে। আমরা একবার সুযোগ চাই, এই দেশকে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করার জন্য।”
তিনি জনগণের উদ্দেশে বলেন, “পরীক্ষার জন্য হলেও একবার আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব দিন। আমরা আপনাদের বিশ্বাসের প্রতিদান দিতে বদ্ধপরিকর।”




