Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

জিয়া পরিবার নিয়ে কটুক্তি, মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জিয়া পরিবার নিয়ে কটুক্তি, মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে বহুল বিতর্কিত সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Advertisement

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (৩য় আদালত) রোমানা আক্তার এ পরোয়ানা জারি করেন।

সূত্র জানায়, ডা. মুরাদ হাসান পতিত সরকারের প্রতিমন্ত্রী থাকাকালীন ২০২১ সালে পানসিয়ানা নামের ইউটিউব ও ফেসবুক পেইজের টক-শোতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

টক-শোর বক্তব্যগুলো মিথ্যাচার, অশ্লীল ও কুরুচিপূর্ণ হওয়ায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে- উল্লেখ করে সরিষাবাড়ী উপজেলার ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি ও চেচিয়াবাঁধা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন।

মামলায় অন্য আসামি হলেন- টক-শোর উপস্থাপক চট্টগ্রামের পটিয়া পৌরসভার এটিএম আবুল কাশেমের ছেলে মহি উদ্দিন হেলাল নাহিদ।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ১৯ মে মামলাটির শুনানি হয় এবং ২৪ মে ডা. মুরাদ হাসান ও টক-শো’র উপস্থাপকের বিরুদ্ধে সমন জারি করেছিলেন।

আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিন মাসেও তারা হাজির হননি।

সোমবার বিজ্ঞ আদালত ডা. মুরাদ হাসান ও মহি উদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Advertisement