সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে জাল টাকাসহ মামুনুর রশিদ (৪০) নামে এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) উপজেলার আরামনগর বাজার এলাকার সোনালী ব্যাংক (পিএলসি) শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুনুর রশিদ মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রুহিলি গ্রামের আনোয়ার হোসেন মনোহরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানার এসআই (নিরস্ত্র) শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মামুনুর রশিদকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেন। পরে তার দেহ ও ব্যাগ তল্লাশি করে ৫০০ টাকার ৩২টি জাল নোট (মূল্য ১৬ হাজার টাকা) এবং ১ হাজার টাকার ১০০টি ও ৫০০ টাকার ২০০টি আসল নোটসহ মোট ২ লাখ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুনুর রশিদ জাল টাকা সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তিনি জানান, বিভিন্ন উৎস থেকে জাল টাকা সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে তা আসল টাকার মতো চালিয়ে দিতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ নিশ্চিত করেছেন।




