কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি:
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিনিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ ও অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের লিডার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে প্রশিক্ষণমূলক এ মহড়ায় আগুন লাগলে কীভাবে নিরাপদ ও কার্যকরভাবে তা নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে বিভিন্ন কলাকৌশল দেখানো হয়।
মহড়ায় অগ্নিনির্বাপক বলের ব্যবহার, গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি এবং আগুনের উৎস দ্রুত শনাক্ত করে নিরাপদভাবে মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার বিষয়ে সচেতন করা হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, বাড়িঘর কিংবা কর্মস্থলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে অগ্নিনিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




