নিজস্ব প্রতিনিধি | মো. আবুসাঈদ গালিব
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ-বালাসী ঘাটে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বাহাদুরাবাদ নৌ টার্মিনালের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাহাদুরাবাদ-বালাসী ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারীসহ উত্তরাঞ্চলের অন্তত আটটি জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে। বর্তমানে এসব অঞ্চলের মানুষকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে যমুনা সেতু ব্যবহার করতে হয়।
বক্তারা আরও বলেন, প্রস্তাবিত সেতুটি নির্মাণ হলে গন্তব্যভেদে প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার সড়কপথ কমে আসবে। এতে যাতায়াতে ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত সময় সাশ্রয় হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সুদৃঢ় হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কৃষিপণ্য পরিবহন সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে।
মানববন্ধন শেষে বক্তারা বাহাদুরাবাদ-বালাসী ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
দেওয়ানগঞ্জে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন




