মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসা। ২০২৫ সালের অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে মাদারগঞ্জ উপজেলায় ১০ জনের মধ্যে প্রতিষ্ঠানটির ৬ শিক্ষার্থী বৃত্তি লাভ করে এলাকায় শিক্ষার মানোন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
মাদ্রাসা সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসা থেকে মোট ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করতে সক্ষম হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৫ জন মর্যাদাপূর্ণ ট্যালেন্টপুল এবং ১ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। মাদ্রাসা পর্যায়ে বৃহত্তর ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অর্জন। অভিভাবকরা বলেন, মানসম্মত শিক্ষা ও নিয়মিত পাঠদানের মাধ্যমে মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসা অল্প সময়েই মাদারগঞ্জে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষার্থী গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
এদিকে কৃতী শিক্ষার্থীদের এই সাফল্যে মাদারগঞ্জ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আমিন তাদের অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক সাফল্য মাদারগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




