Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

মাদারগঞ্জ-এ সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

মাদারগঞ্জ-এ সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু

মাদারগঞ্জ প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বস্তি দিতে জামালপুরের মাদারগঞ্জ-এ সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

সোমবার (২ মার্চ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, রমজান মাসে বাজারের অস্থিরতা কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আমিষপণ্য পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান বাজারমূল্যের চেয়ে কম দামে দুধ ৭০ টাকা লিটার, ডিম ২৮ টাকা হালি এবং গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় স্থানীয় ক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা চান, পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকুক।

Advertisement