আব্দুর রহিম খান।।
মাদারগঞ্জ প্রতিনিধি:
বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে চৌরাস্তা মোড়, ঠাকুরবাড়ি মোড় ও গার্লস স্কুল মোড় প্রদক্ষিণ করে উপজেলা হাওয়া চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। মোটরসাইকেলের দীর্ঘ বহর এবং সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা হাওয়াই রোড় চত্বরে সমবেত হয়ে সমর্থকরা স্লোগান ও গানের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। “আর্জেন্টিনা ভালোবাসি, আমরা মেসির গোলে হাসি” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর।
আয়োজকদের দাবি, প্রায় ৫০০ মোটরসাইকেল ও সহস্রাধিক আর্জেন্টিনা সমর্থক এ শোভাযাত্রায় অংশ নেন। আগামীকালের ম্যাচে আর্জেন্টিনার জয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সমর্থকদের মতে, প্রিয় দল ও প্রিয় ফুটবলার মেসির প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন করা হয়েছে। তারা আশা করছেন, আসন্ন ম্যাচে আর্জেন্টিনা দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।




