আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক এবং বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাদারগঞ্জ পৌরসভার চাঁদপুর নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় একাধিক স্থানে তল্লাশি চালিয়ে ৪১০ লিটার দেশীয় চোলাই মদ তৈরির উপকরণ, ৮ দশমিক ৫ লিটার চোলাই মদ এবং মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়।
অভিযানে এসআই ওয়াজিউর রহমান, এসআই শামসুজ্জামান ও এএসআই মজিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। অভিযানকালে প্রদীপ রবি দাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাত ৯টায় মাদারগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চর গাবেরগ্রাম এলাকায় দেশীয় বাংলা মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রদীপ দাসকে আটক করে।
তিনি আরও জানান, আটককৃত প্রদীপ দাস এবং পলাতক আসামি সুবিদা রানী ওরফে বুচি এবং সোনিয়া ওরফে জাম্বুর বসতঘরের খাটের নিচ, রান্নাঘর ও টিউবওয়েলের পাশের মাটির নিচ থেকে ৪১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত উপকরণের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ৫০০ টাকা।
এছাড়া একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৪ পুটলা চিটাগুড় (ওজন প্রায় ১৭ কেজি) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ হাজার ৪০ টাকা। একই সঙ্গে ৮ দশমিক ৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এএসপি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়, পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




