সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহ উপজেলার মেঘারবাড়ি এলাকা থেকে জোসনা (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মেঘারবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জোসনার বাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পুলিশ তাকে জেলা কারাগারে প্রেরণ করে।
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
মেলান্দহে ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার




