হৃদয় আহম্মেদ শাওন, স্টাফ রিপোর্টার:
জামালপুর ইসলামপুরে ডোবায় ভাসছে বিপুল পরিমাণ সরকারি ওষুধ। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি ডোবায় এসব ওষুধ ভাসতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ডোবাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপসহ বিভিন্ন ধরনের ওষুধ। অনেক ওষুধের প্যাকেটের গায়ে স্পষ্টভাবে সরকারি সরবরাহ লেখা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ক্লিনিকে মাঝে মধ্যে আসেন। রোগীদের ঠিকমতো ওষুধ দেওয়া হয় না। ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেন। ওষুধ জমাতে জমাতে সেগুলোর মেয়াদ শেষ হলে সেই সব সরকারি ওষুধ ডোবায় ফেলে দেন।
ধনতলা গ্রামের বাসিন্দা জমিলা খাতুন বলেন, অধিকাংশ সময় বন্ধ থাকে ক্লিনিক। এক দেড় মাইল হেঁটে এসে ওষুধ না পেয়ে চলে যেতে হয়েছে। অথচ গরীবের ওষুধ পাওয়া যায় ডোবার মধ্যে। ক্লিনিকে গেলেই বলে ওষুধ আসে না। সরকার ওষুধ দেয় না। তাহলে এত ওষুধ পাওয়া গেলো কেমনে? ওষুধগুলো পেলে গরীব মানুষের কত উপকার হত।
ধনতলা কমিউনিটি স্বাস্থ্য সহকারী মো: মিস্টার বলেন, এই সপ্তাহে আমি অতিরিক্ত দায়িত্ব নিয়েছি। এইসব ঔষধের বিষয়ে আমি কিছু জানি না, ক্লিনিকে আমি ছাড়াও আরও দুইজন দায়িত্বে রয়েছেন। ওষুধগুলো হয়তো মেয়াদ শেষ হয়ে গেছে।
এবিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ. এ. এম আবু তাহের বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না, যদি এধরনের ঘটনা ঘটে থাকে তদন্ত কমিটি করে খতিয়ে দেখা হবে।




