মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার বিপুলসংখ্যক রোজাদার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর আমীর মাওলানা আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি হাজী রাসেল মাহমুদ। এছাড়াও স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য ও রোজার মহাত্ম্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও মানবসেবার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে।
বক্তারা আরও বলেন, রোজা মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করতে পারলে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে প্রায় সাত শতাধিক রোজাদার অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।




