Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তরুণের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মাদারগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা দেলোয়ার হোসেন, টিম লিডার রইছ উদ্দিন, জনস্বাস্থ্য কর্মকর্তা শফিকুল ইসলাম এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।

এ সময় বিআরডিবি, মৎস্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত সবার সামনে দুর্যোগকালীন করণীয় বিষয়ে একটি মহড়া প্রদর্শন করেন। মহড়ায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয়, তা হাতে-কলমে দেখানো হয়।

প্রসঙ্গত, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যেই প্রতি বছর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়ে থাকে।

Advertisement