সাজ্জাদ হোসাইন শাহিন,স্টাফ রিপোর্টার:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহীন স্কুল, মাদারগঞ্জ শাখা। ২০২৫ সালের অষ্টম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির ৫ শিক্ষার্থী বৃত্তি লাভ করে এলাকায় শিক্ষার মানোন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় শাহীন স্কুল মাদারগঞ্জ শাখা থেকে মোট ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করতে সক্ষম হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩ জন মর্যাদাপূর্ণ ট্যালেন্টপুল এবং ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— মো. সুয়াইফ হুসাইন ছোয়াদ, লুবনা হাসান লাবণ্য ও জান্নাতুল ফেরদৌস মাওয়া। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে মিফতাহা মাসুদ সিনহা ও রকিবুল হাসান।
ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। কৃতী শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহলও। অভিভাবকরা বলেন, মানসম্মত শিক্ষা ও নিয়মিত পাঠদানের মাধ্যমে শাহীন স্কুল অল্প সময়েই মাদারগঞ্জে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ শিক্ষার্থী গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
এদিকে কৃতী শিক্ষার্থীদের এই সাফল্যে শাহীন স্কুল মাদারগঞ্জ শাখার পরিচালক জহিরুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম পৃথক বার্তায় তাদের অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক সাফল্য মাদারগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




