Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

বিএনপির দুর্গে জামায়াতের জোরালো চ্যালেঞ্জ

বিএনপির দুর্গে জামায়াতের জোরালো চ্যালেঞ্জ

মুক্তকাল ডেক্স:
দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। গ্রাম-গঞ্জের চায়ের আড্ডা থেকে শুরু করে বাজার-ঘাট—সবখানেই চলছে ভোটের হিসাব-নিকাশ।
দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে এবার নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয়তা। নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কোথাও কোথাও বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে, যা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।
বিএনপি তাদের ঐতিহ্যবাহী ভোটব্যাংক ধরে রেখে ধারাবাহিক জয় নিশ্চিত করতে মরিয়া। অন্যদিকে, অতীতে তুলনামূলক দুর্বল অবস্থানে থাকলেও এবার সংগঠিত প্রচার ও তরুণ নেতৃত্বের মাধ্যমে শক্ত অবস্থান গড়ে তুলতে চাচ্ছে জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটিকে বিএনপির দুর্গে জামায়াতের সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত এই আসনে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৩৩৪ জন। এর মধ্যে লালমোহন উপজেলায় ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন এবং নদীভাঙনপ্রবণ তজুমদ্দিন উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪ জন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ আসনে দলটির মনোনীত প্রার্থী। তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে নিয়মিত সভা-সমাবেশের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
অন্যদিকে, বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম। ফুলকপি প্রতীক নিয়ে তিনি জোরালো প্রচারণা চালাচ্ছেন। ফজরের নামাজের পর হ্যান্ডমাইকে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা জামায়াতের প্রচারণায় ভিন্নতা এনেছে বলে জানান স্থানীয়রা। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে এ প্রচার কৌশল ইতিবাচক সাড়া ফেলেছে।
নিজামুল হক নাঈম বলেন, “নির্বাচিত হলে আমি জনপ্রতিনিধি নয়, একজন সেবক হিসেবে মানুষের পাশে থাকতে চাই।” ইসলামী আন্দোলনের প্রার্থী মোসলেহ উদ্দীনও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি দাবি করেন, কওমি মাদরাসা, তাবলিগ জামায়াত ও হেফাজতসহ বিভিন্ন ইসলামী সংগঠনের সমর্থন পাচ্ছেন তিনি।
এদিকে, গণঅধিকার পরিষদের তরুণ প্রার্থী আতিকুর রহমান আবু তৈয়ব ট্রাক প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মাদরাসা শিক্ষক কামাল উদ্দিন নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের সমর্থন আদায়ে মাঠে রয়েছেন।
সব মিলিয়ে ভোলা-৩ আসনে এবারের নির্বাচন ঘিরে ধানের শীষ ও ফুলকপি প্রতীকের লড়াইই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

Advertisement
Advertisement