স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানএর নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বলে জানা গেছে।
এদিকে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা যায়, প্রায় দুই দশক পর ষষ্ঠবারের মতো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি। ইতিহাসসেরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ের পর আজ সরকার গঠন করতে যাচ্ছে দলটি। ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করার দুই দশক পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। দলের এই ভূমিধস বিজয়ের নেপথ্যে তাকে মূল কারিগর হিসেবে দেখছেন দলীয় নেতারা।
সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত তারেক রহমান পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-২ আসনের বিজয়ী সারোয়ার আলমগীর এবং চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরীর ঋণখেলাপি সংক্রান্ত বিষয় আদালতে বিচারাধীন থাকায় ওই দুই আসনের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে।
বিএনপি সংসদীয় দলের সভায় জোটের শরিক তিন সংসদ সদস্য— আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুর—কে আমন্ত্রণ জানাতে পারে। তাদের মধ্যে কয়েকজনকে প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে আলোচনা রয়েছে।
সংসদীয় দলের বৈঠকে নেতা নির্বাচনের পাশাপাশি উপনেতা (মন্ত্রী মর্যাদা), চিফ হুইপ এবং ছয়জন হুইপ নির্বাচনের কথা রয়েছে। সংসদ উপনেতা হিসেবে সালাহউদ্দিন আহমেদর নাম আলোচনায় রয়েছে।
অন্যদিকে বিরোধী দলের আসনে বসতে যাওয়া জামায়াত জোটও তাদের সংসদীয় দলের সভা ডেকে বিরোধীদলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ ও হুইপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিরোধীদলীয় নেতা মন্ত্রীর মর্যাদা ভোগ করে থাকেন।
তারেক রহমানের নেতৃত্বে শপথ নিলেন বিএনপি-দলীয় এমপিরা
Oplus_131072




