সন্দ্বীপে বিএনপি নেতার ব্রিকফিল্ডে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২
মুক্তকাল ডেক্স
চট্টগ্রামের সন্দ্বীপে এক বিএনপি নেতার মালিকানাধীন ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আমানউল্লাহ ইউনিয়নের বিবিএসটি ব্রিকফিল্ডে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্রিকফিল্ডের ম্যানেজারসহ দুইজন অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—বিবিএসটি ব্রিকফিল্ডের ম্যানেজার মো. রাসেদ (৪০) এবং রহমতপুর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর (৪৩)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত ব্রিকফিল্ডটির মালিক আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাদুর। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ব্রিকফিল্ডটির আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কার্যক্রম চলছিল।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টায় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালায়। তল্লাশিতে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্র জানায়, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক ও সংশ্লিষ্ট অন্যদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি ও সরবরাহ করা হচ্ছিল কি না—সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সন্দ্বীপে বিএনপি নেতার ব্রিকফিল্ডে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২
Oplus_131072




