মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বাঁধেরমাথা বাজারে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাজার প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
মাদক, জুয়া, নারী নির্যাতন, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে, অশ্লীলতা, সন্ত্রাস, সাইবার অপরাধ ও জঙ্গিবাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়।
এছাড়াও বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বালিজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুছা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলম সোনারু, গণ্যমান্য ব্যক্তি আব্দুস সালাম মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বাঁধেরমাথা বাজার বণিক সমিতির সভাপতি ডা. মো. শাহিনুর ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বন্যা।
এ সময় মাদারগঞ্জ মডেল থানার এসআই আশরাফুল আলমসহ পুলিশ সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। একই সঙ্গে জনগণের বন্ধু হিসেবে পাশে থেকে মাদারগঞ্জ উপজেলাকে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত রাখতে পুলিশ প্রশাসন কাজ করে যাবে বলে আশ্বাস দেন কর্মকর্তারা।




