Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:19 pm
অন্যান্য

বিএনপি প্রার্থীসহ ৪০ নেতাকে আগাম জামিন

বিএনপি প্রার্থীসহ ৪০ নেতাকে আগাম জামিন

মুক্তকাল ডেক্স:
শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২ ফেব্রুয়ারি) শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ দলের শীর্ষ পর্যায়ের ৪০ জন নেতাকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আসামিপক্ষের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে হাইকোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জামিনের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন আসামি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।
এ বিষয়ে আইনজীবী ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকো জানান, শুনানি শেষে আদালত ৪০ জন আসামিকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলায় সংঘর্ষের ঘটনায় জামায়াত নেতা রেজাউল করিম নিহত হওয়ার পর তাঁর স্ত্রী মারজিয়া বাদী হয়ে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গত শনিবার (৩১ জানুয়ারি) শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার বিস্তারিত তথ্য জানানো হয়। মামলায় ২৩১ জনকে নাম উল্লেখ করে এবং আরও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মাওলানা রেজাউল করিম। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Advertisement
Advertisement