Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য

বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প হবে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য

মুক্তকাল ডেক্স:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের সব উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত যশোরের উলাসী খালসহ এ অঞ্চলের খাল-বিল পুনঃখনন করা হবে এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিতদের জন্য রাষ্ট্রীয় সম্মানীর ব্যবস্থা করা হবে।
উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, যশোর অঞ্চলের ফুল বিদেশে রফতানির উদ্যোগ নেওয়া হবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
জনসভায় যশোর-কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তারেক রহমান এবং তাদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ভোট গণনা প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভোট গণনার নামে কেউ যদি অহেতুক সময়ক্ষেপণ করে কোনো ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করে, তবে তা প্রতিহত করতে হবে।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগমসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

Advertisement
Advertisement