মুক্তকাল ডেক্স:
নির্বাচনি প্রচারের অংশ হিসেবে উত্তরাঞ্চল সফরে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার চারটি জেলায় আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।
শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন জামায়াত আমির। সেখানে বেলা ১১টায় আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
জুমার নামাজের পর দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যা ৭টায় রংপুরে পৃথক নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
শনিবার সকালে রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করবেন ডা. শফিকুর রহমান। এরপর সকাল ১০টায় গাইবান্ধার পলাশবাড়ীতে জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরে দুপুর ১২টায় বগুড়া শহর, বিকেল আড়াইটায় বগুড়ার শেরপুর, বেলা সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহর, বিকেল ৪টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
রোববার ঢাকায় বিভিন্ন নির্বাচনি আসনে গণসংযোগ ও জনসভায় অংশ নেবেন জামায়াত আমির।
উত্তরাঞ্চল সফরের আগে ঢাকায় বিমানবন্দরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকার বাইরে নির্বাচনি সফর শুরু হয়েছে। প্রতিটি এলাকার মানুষের ভাবনা ও চাহিদা বুঝে তাদের প্রতি সম্মান জানানো এবং আশ্বস্ত করাই তাদের লক্ষ্য।
তিনি বলেন, দেশসেবার সুযোগ পেলে বাস্তবতার ভিত্তিতে দেশের সম্পদ ব্যবহার করে ইনসাফভিত্তিক উন্নয়ন ও জমে থাকা সমস্যাগুলোর সমাধানে সর্বশক্তি দিয়ে কাজ করা হবে।
এবারের নির্বাচন যেন গৌরবজনক ও স্মরণীয় হয়, সে লক্ষ্যে যুবসমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানান জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা বিশ্বাস করি, বাংলাদেশ একা নয়—সবাই মিলে গড়তে হবে। সে লক্ষ্যেই দেশপ্রেমিক ও ইসলামি দলগুলোর সঙ্গে একসঙ্গে এগিয়ে যাচ্ছি। আমাদের স্লোগান—চলো একসাথে গড়ি বাংলাদেশ।”
উত্তরাঞ্চলের চার জেলায় জনসভায় যোগ দেবেন জামায়াত আমির




