হৃদয় আহম্মেদ শাওন, স্টাফ রিপোর্টার:
জামালপুর-২ (ইসলামপুর) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান এখনো নির্বাচনী প্রতীক পাননি বলে অভিযোগ উঠেছে।
গত ২১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মোট ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হলেও ইসলামপুর আসনের এই স্বতন্ত্র প্রার্থীকে প্রতীক দেওয়া হয়নি।
জানা যায়, গেজেটে অর্ণব ওয়ারেস খানের জন্য ‘বাঘ’ প্রতীক উল্লেখ থাকলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাকে ওই প্রতীক দিতে নারাজ হয়। ফলে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হলেও তিনি প্রতীকবিহীন অবস্থায় রয়েছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান বলেন, আমি একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। সমাজকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান থেকেই আমি নির্বাচনে অংশ নিয়েছি।
তিনি বলেন, দেশের প্রচলিত নির্বাচনী ব্যবস্থার নানা জটিলতা ও বাধার মুখে পড়ে আমি ধৈর্যের সঙ্গে লড়াই করে যাচ্ছি। এই ধৈর্যই এখন আমার বড় শক্তি, যা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি।
অর্ণব ওয়ারেস খান আরও বলেন, এই দীর্ঘ লড়াইয়ে আমি মানসিক, অর্থনৈতিক ও শারীরিকভাবে কিছুটা ক্লান্ত হলেও আত্মবিশ্বাস ও মনোবল এখনো অটুট রয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে থাকাই তার সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, একদিন আমি অবশ্যই বিজয়ী হবেন।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ধৈর্যেরও একটি সীমা আছে। নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু পরিস্থিতির অবনতি হলে আমাদের ভেতরের প্রতিবাদী কণ্ঠ আরও জোরালো হয়ে উঠবে।
তিনি আরও বলেন, আমরা বাঙালি। ১৯৭১ কখনো হারবে না। ৯০ ও ২৪-এর গণ-আকাঙ্ক্ষার মধ্য দিয়ে ৭১-এর চেতনা আবার গর্জে উঠবে। ৭১ এই বাংলার গর্ব।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসারকে দুইবার কল দিয়েও পাওয়া যায়নি।



