মুক্তকাল ডেক্স:
দেশে আসার আগেই যারা দিল্লির কাছে দস্তখত দেয়, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়—এমন মন্তব্য করেছেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, নতুন ইমাম বারবার বলেন ‘দিল্লিও নয়, পিন্ডিও নয়, সবার আগে বাংলাদেশ’; কিন্তু সাধারণ মানুষ শোনে—‘দিল্লিও নয়, পিন্ডিও নয়, সবার আগে লন্ডন’।
শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচার সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ১০ দলীয় জোটের নেতা ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে ছয় বছরের নিচে শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি পঞ্চগড় জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানান।
তিনি আরও বলেন, ১০ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে পঞ্চগড় জেলার চিনিকল আবার সচল হবে। তাই পঞ্চগড়ের দুই আসনে শাপলা কলি ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
রাশেদ প্রধান বলেন, ডা. শফিকুর রহমানের চুল ও দাড়ি সাদা হলেও তিনি আমাদের চেয়েও তরুণ মননের মানুষ।
জাগপা মুখপাত্র আরও বলেন, আমাদের প্রথম ঈমানি দায়িত্ব হলো গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করা। দ্বিতীয় ঈমানি দায়িত্ব হচ্ছে শাপলাকলি ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করা। ডা. শফিকুর রহমান অন্য অনেক নেতার মতো দেশের ধনী অঞ্চল থেকে নয়, বরং পিছিয়ে পড়া উত্তরাঞ্চল থেকেই প্রচার শুরু করেছেন।
তিনি বলেন, লন্ডন থেকে আসা ইমাম একটি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। অতীতে ফ্যাসিবাদীরা ১০ টাকার চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন নতুন লন্ডনি মুফতিও কার্ড দেওয়ার কথা বলছেন। কিন্তু দেশের মানুষ আর এসব ‘কার্ড কার্ড’ খেলায় বিশ্বাস করে না।
রাশেদ প্রধান বলেন, যে ব্যক্তি দেশে আসার আগেই দিল্লির কাছে দস্তখত দেয়, তার হাতে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। আল্লামা সাঈদী (রহ.) বলতেন—‘বেশি লাফালাফি কোরো না, মামাবাড়ি দিল্লি গিয়ে পড়বা।’ আজ সেটাই প্রমাণিত হয়েছে।
দেশে আসার আগেই দিল্লির কাছে দস্তখত দেওয়া ব্যক্তির কাছে দেশ নিরাপদ নয়: রাশেদ প্রধান




