মুক্তকাল ডেস্ক:
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ১২ দিনের জন্য যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি জানান, নির্বাচনের আগের চার দিন, ভোটের দিন এবং ভোটের পরের সাত দিন—এই মোট ১২ দিন যৌথ বাহিনী মাঠে দায়িত্ব পালন করবে। এ ছাড়া বুধবার থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক টিম সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আগাম কোনো অপ্রীতিকর পরিস্থিতির তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণায় প্রার্থী ও নেতাকর্মীদের করণীয় বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুলিশ বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
নির্বাচনে আনসার ও ভিডিপির মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন। আনসার বাহিনীর মুখপাত্র মো. আশিকউজ্জামান জানান, সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। ভোটগ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত তারা কেন্দ্রে অবস্থান করবেন।
তিনি জানান, এই ১৩ জনের মধ্যে তিনজন অস্ত্রধারী থাকবেন—এর মধ্যে একজন প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় এবং বাকি দুজন কেন্দ্রের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। অন্য ১০ জন সদস্য লাঠি হাতে দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী সদস্য থাকবেন।
এ ছাড়া সারাদেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সক্রিয়ভাবে মাঠে থাকবে। এর আগেও বিভিন্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হবে।
নির্বাচন ঘিরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী




