মুক্তকাল ডেক্স:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করুন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হবিগঞ্জে আয়োজিত এক জনসভায় তিনি এ আহ্বান জানান। বক্তব্যের আগে মঞ্চে মাগরিবের নামাজ আদায় করেন তারেক রহমান।
জনসভায় হবিগঞ্জের চারটি আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, জনগণ যেন তাদের ভোট দিয়ে বিজয়ী করে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এই চারজনের মাধ্যমে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে—ইনশাল্লাহ।
তারেক রহমান আরও বলেন, একটি রাজনৈতিক দল একসময় মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে অসংখ্য মানুষ হত্যা করেছে। সেই একই দল এখন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে এবং বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করছে। তিনি জনগণকে এসব কর্মকাণ্ড বর্জনের আহ্বান জানান।
সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন—হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী জি কে গউছ, হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. জীবন, কেন্দ্রীয় বিএনপি নেতা আহমেদ আলী মুকিব, যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের




