মুক্তকাল ডেক্স:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর ও সিটি) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মঙ্গলবার দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের কাছে তিনি আবেদনপত্র জমা দেন।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দীর্ঘ ত্যাগ ও আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ভিত্তিতেই ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই আসন থেকে সরে দাঁড়িয়েছেন। চরমোনাইয়ের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামায়াত নেতা জানান, এখন থেকে বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে তাকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
ফয়জুল করীমের পক্ষে মাঠে নামছে জামায়াত
Oplus_131072




