মুক্তকাল ডেক্স:
শেষ মুহূর্তে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোট থেকে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশের। বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বুধবার দুপুরে জরুরি বৈঠকে বসছে দলটি।
বুধবার বাদ জোহর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের (মজলিসে আমেলা) এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে একই দিন বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১১ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে জানান, সংবাদ সম্মেলনে জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তবে ইসলামী আন্দোলন এতে যোগ দেবে কি না, সে বিষয়ে দুপুরের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত দলের মজলিসে শুরার বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন মতামত উঠে এসেছে। সেগুলো বিশ্লেষণ করে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো ১১ দলীয় সমঝোতায় থাকা বা না থাকার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বিএনপির সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। তবে অন্যান্য ইসলামি দলগুলোর অবস্থান বিবেচনায় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
দুপুরে জরুরি বৈঠকে বসছে ইসলামী আন্দোলন




