মুক্তকাল ডেক্স
গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের উদ্যোগে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোট সংক্রান্ত বিভ্রান্তি ও অস্পষ্টতা দূর করা যায়।
এরই ধারাবাহিকতায় গত রোববার বরিশালে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন পৃথকভাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনগুলোতে গণভোট বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য উপস্থাপন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচির আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। অন্যদিকে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন।
পরবর্তী পর্যায়ে ১২ জানুয়ারি রাজশাহী, ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এসব মতবিনিময় সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সিনিয়র শিক্ষকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক, প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক, দোকান মালিক সমিতির নেতা, বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠন ও এনজিও প্রতিনিধিরা, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভাগুলোতে গণভোট বিষয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারকে সম্পৃক্ত ও সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি
Oplus_131072




