মুক্তকাল ডেক্স:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করায় তিনি বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি ও বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণা পাননি।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির উদ্যোগে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মানে আয়োজিত মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান বলেন, “তারেক রহমান ১৭ বছর দেশে ছিলেন না। ফলে এই সময়ে দেশে কী ঘটেছে, রাজনৈতিক ও সামাজিকভাবে কী পরিবর্তন এসেছে—তা সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ তার হয়নি।”
তিনি বলেন, তারেক রহমান মূলত দলের নেতাকর্মী ও সাম্প্রতিক সময়ে যোগাযোগে আসা কিছু মিডিয়ার বক্তব্যের ওপর নির্ভর করেই দেশের পরিস্থিতি মূল্যায়ন করছেন। তবে বাস্তবতা এর চেয়ে অনেক বিস্তৃত ও গভীর।
আলোচনায় শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমান সরাসরি মুক্তিযুদ্ধের সময় দেশে উপস্থিত ছিলেন না এবং স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রকৃত ঘটনাপ্রবাহ সম্পর্কে পূর্ণাঙ্গভাবে জানার চেষ্টা হয়নি। ফলে দলীয় ও ভিন্ন পক্ষের দেওয়া তথ্যের ওপর নির্ভর করেই তিনি ইতিহাসকে মূল্যায়ন করেছিলেন, যা তার রাজনৈতিক ব্যর্থতার একটি কারণ হয়ে দাঁড়ায়।
তারেক রহমানকে সতর্ক করে মাহমুদুর রহমান আরও বলেন, “বাংলাদেশের গত ১৭ বছরের ইতিহাসকে শুধু একটি নির্দিষ্ট বয়ানের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। এই সময়ের বাস্তব ইতিহাস আরও ব্যাপক এবং বহুস্তরবিশিষ্ট।”
তিনি ভবিষ্যতে এ ধরনের আলোচনামূলক অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরার আগ্রহও প্রকাশ করেন।
তারেক রহমানকে উদ্দেশে মাহমুদুর রহমান: “১৭ বছর দেশে না থাকায় বাস্তব পরিস্থিতি জানা হয়নি”
Oplus_131072




