হৃদয় আহম্মেদ শাওন, স্টাফ রিপোর্টার:
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর নিজে দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী মুজিবর রহমান আজাদীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ তারিখ) বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ আলী জানান, মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থকের স্বাক্ষর প্রার্থী নিজেই প্রদান করেছেন যা নির্বাচন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি জানান, প্রার্থী চাইলে আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
মনোনয়ন বাতিলের খবরে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আপিল নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে।




