Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
অন্যান্য

মবসন্ত্রাস বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মবসন্ত্রাস বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Oplus_131072

আতিকুর রহমান আতিক:
দেশব্যাপী মবসন্ত্রাস বন্ধ ও এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বিক্ষোভ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘ছাত্রদলের অঙ্গীকার—নিরাপদ বাংলাদেশ’, ‘সম্প্রীতির বাংলাদেশ—আমাদের অঙ্গীকার’ এবং ‘মবসন্ত্রাসের ঠিকানা, এই বাংলায় হবে না’—এমন বিভিন্ন স্লোগান দেন।
নেতারা জানান, ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে তার সাত বছরের কন্যা আয়েশা সানজুকে হত্যার ঘটনার প্রতিবাদসহ দেশব্যাপী সংঘটিত মবসন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবিতেই এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়।

Advertisement
Advertisement