Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

ছয় ধাপের জরিপ শেষে যোগ্য প্রার্থীর তালিকা প্রস্তুত জামায়াতের: লক্ষ্য ১৫০ আসনে একক জয়

ছয় ধাপের জরিপ শেষে যোগ্য প্রার্থীর তালিকা প্রস্তুত জামায়াতের: লক্ষ্য ১৫০ আসনে একক জয়

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যদিও দলটির আমির ডা. শফিকুর রহমান ও একাধিক নেতা জানিয়েছেন, আলোচিত আসন তালিকা এখনো চূড়ান্ত নয়। জোট বা সমঝোতার বিষয়ে দলটির নীতিনির্ধারকেরা আগে থেকেই ইঙ্গিত দিয়েছেন। অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে অন্তত পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি; তবে সম্প্রতি ওই আসনগুলোতেও প্রার্থী চূড়ান্ত হয়েছে বলে দলের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

গত ৩ অক্টোবর খুলনায় এক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শরিকদের জন্য ১০০ আসন ছাড় দেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন। যদিও এখন জামায়াত নেতারা তাঁর ওই বক্তব্যকে ‘ব্যক্তিগত’ মতামত বলে দাবি করছেন। এ নিয়ে দলের ভেতরে কিছুটা অসন্তোষও তৈরি হয়েছে।

Advertisement

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন, তা দলীয়ভাবে আলোচিত হয়নি। তবে বর্তমানে সমমনা দলগুলো আসন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।”

১৮৫ আসনে জয়ের লক্ষ্যে প্রস্তুতি:

জামায়াতের দলীয় সূত্র বলছে, নির্বাচনে ন্যূনতম ১৮৫টি আসনে জয়ের লক্ষ্য নিয়ে দলটি সাংগঠনিক শক্তিকে সর্বোচ্চ কাজে লাগানোর কৌশল নিয়েছে। অন্তত ১৫০টি আসনে ‘যোগ্য, জনপ্রিয় ও জেতার মতো’ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নতুন ভোটার ও তরুণদের কাছে দলীয় বার্তা পৌঁছে দিতে বিশেষ প্রচারণা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রার্থীদের জন্য দলীয় সংগীত, প্যারোডি গান, প্রচারণা ভিডিও তৈরি ছাড়াও ব্যাপক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে সাম্প্রতিককালে দলীয় আমির এই শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

ছয় ধাপের জরিপ শেষে চূড়ান্ত তালিকা শিগগির:

আট দলের সমন্বয় কমিটির নেতারা জানিয়েছেন, গত বছর থেকে এখন পর্যন্ত ছয় ধাপে গোপন জরিপ পরিচালনা করেছে জামায়াতে ইসলামী। ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে পরিচালিত এসব জরিপ থেকে সম্ভাব্য প্রার্থীদের বাছাই করা হয়েছে। এখন জোটের পক্ষ থেকেও আরেকটি জরিপ চলছে। চলতি মাসের শেষ দিকে ও ডিসেম্বরের প্রথমার্ধে আট দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ঘোষণা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা, তৃণমূলের সঙ্গে সম্পর্ক, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জয়ের সম্ভাবনাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে। বেশিরভাগ আসনে প্রাথমিক তালিকা ইতোমধ্যে প্রস্তুত।

সমমনা দলগুলোর অবস্থান:

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, “কোন আসনে কোন দলের প্রার্থী এগিয়ে আছেন, তা নিয়ে আলোচনা ও জরিপ চলছে। আমরা চাই জোটের সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে সংসদে নিয়ে যেতে।”

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব কাজী নিজামুল হক নাঈম জানান, তাদের দল দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তিনি বলেন, “কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। সমন্বয় কমিটি কাজ করছে এবং জয়ের সম্ভাবনাই হবে মনোনয়নের মূল বিবেচ্য।”

জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, “আট দলের মধ্যে এখনো আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি। আমরা আলোচনার মাধ্যমে সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।” তাঁর প্রত্যাশা, জাগপা চারটি আসনে নির্বাচন করবে।

Advertisement