টানা পাঁচ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড় জেলার মানুষ। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সকাল ৯টায়ও সর্বনিম্ন একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
দিনের বেলা রোদের কারণে শীত কম অনুভূত হলেও বিকাল থেকে শীতের তীব্রতা বাড়ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না। কনকনে শীতের তীব্রতা থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন বিভিন্ন জায়গায়। সেই সাথে ঠান্ডার কারণে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। বয়স্ক ও শিশুরা আক্রান্ত হচ্ছেন বিভিন্ন শীতজনিত রোগে।


