মাদারগঞ্জ প্রতিনিধি:
“দক্ষতা অর্জন করুন, বিদেশ গমন করুন”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে লাঞ্জু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১২টায় মাদারগঞ্জ উপজেলা রোডে ব্র্যাক অফিস মোড় সংলগ্ন ট্রেনিং সেন্টারটির উদ্বোধন করেন মাদারগঞ্জ মডেল থানার সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, মাদারগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, পৌর বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সিজার, নূর মোহাম্মদ, আনিছ আহমেদ, আব্দুর রব বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদারগঞ্জে এই প্রথম একটি আধুনিক ও মানসম্মত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চালু হওয়ায় এলাকার বেকার যুবকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যুবকরা বৈধভাবে বিদেশে গিয়ে দক্ষ শ্রমিক হিসেবে উচ্চ আয়ের সুযোগ পাবেন।
লাঞ্জু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে স্টিল ফিটার, পাইপ ফিটার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, মেকানিক্যাল ওয়েল্ডিং, পাইপ ফ্যাব্রিকেটরসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষকদের মাধ্যমে বিদেশগামীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।




