‘যারা জানে আর যারা জানে না, তারা কি সমান?’ পবিত্র আল-কোরআনের এ বাণীকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার আমির মাওলানা জাকারিয়া আলম। শাহ নূর মোহাম্মদ নিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান আজাদী।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান আজাদী বলেন, নির্বাচনের পর নেতাকর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর কথা ছিল। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয় অর্জন করতে হলে এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্ভাব্য প্রার্থীদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ তাঁদের প্রতি আস্থাশীল হয়।
তিনি আরও বলেন, অতীতের নির্বাচনে জনগণ ভোট দিয়ে বিজয়ী করলেও সেই বিজয় রক্ষা করা সম্ভব হয়নি। আগামী নির্বাচনে যাতে কেউ ভোটাধিকার হরণ কিংবা ভোট চুরির সুযোগ না পায়, সে জন্য নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দাওয়াতি কার্যক্রম জোরদার, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন বলেন, দীর্ঘ ১৭ বছর নেতাকর্মীরা প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাননি। ৫ আগস্টের পর মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণ জামায়াতের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের এখন থেকেই মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, অতীতের নির্বাচনে অর্জিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। আগামী দিনে যেন কেউ ভোটের অধিকার ও জনগণের রায় ছিনিয়ে নিতে না পারে, সে জন্য ভোটকেন্দ্র পাহারাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক আবদুল আজিজ জামালী, জামায়াতের সাবেক আমির আমিনুর বিএসসি, উপজেলা যুব জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, চরপাকেরদহ ইউনিয়ন শাখার সাবেক আমির শাহ সাইদুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাদারগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি আনা উল্লাহ।
সমাবেশে চরপাকেরদহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




