Skip to content
প্রকাশ- November 2, 2026 , 13:37 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে পৌর জামায়াতের কর্মী সমাবেশ, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান

মাদারগঞ্জে পৌর জামায়াতের কর্মী সমাবেশ, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিত করা, চাঁদাবাজি ও দখলদারত্ব প্রতিরোধ, আল্লাহর রাস্তায় দানের গুরুত্ব এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

মাদারগঞ্জ পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি শরিফুল ইসলামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান আজাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির শাহীন আক্তার খান পিটার, কর্মপরিষদ সদস্য ও সাংস্কৃতিক বিভাগের সভাপতি আব্দুল আজিজ জামালী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান এবং উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক রহমতুল্লাহ।

সমাবেশে বক্তারা ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। তাঁরা বলেন, জনগণের ভোটাধিকার গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম ভিত্তি। নির্বাচনে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে হবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা করেন তাঁরা। স্থানীয় পর্যায়ে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আল্লাহর রাস্তায় দানের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, সম্পদের প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে তা মানবকল্যাণে ব্যয় করার মধ্যে। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং দ্বীনের কল্যাণমূলক কাজে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। দান শুধু সম্পদের পরিমাণ দিয়ে নয়, বরং আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়তের মাধ্যমেও মূল্যায়িত হয়।

চাঁদাবাজি, দখলদারত্ব, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্যায় প্রভাব ও দখলদারত্বের কারণে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। সমাজে আইনের শাসন, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য ন্যায়, ইনসাফ, সততা, মানবিকতা এবং জবাবদিহিমূলক নেতৃত্ব অপরিহার্য। সমাজের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য ও অন্যায়ের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য নেতাকর্মীদের নিজেদের ব্যক্তিগত জীবনেও আদর্শ, শৃঙ্খলা ও নৈতিকতার প্রতিফলন ঘটাতে হবে।

সমাবেশে পৌর জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মাদারগঞ্জ পৌর জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement