ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ খুসরু। তিনি বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলে ময়মনসিংহ অঞ্চল থেকে একমাত্র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
তাঁর এ অর্জনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, তাঁর এ অর্জন শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, বরং বকশীগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষা ও শিক্ষাঙ্গনের জন্যও গর্বের বিষয়।
মাওলানা সুলতান মাহমুদ খুসরু দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ইসলামী শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে তাঁর ভূমিকা রয়েছে।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক কার্যক্রমে অবদান রাখার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, তাঁর এ সাফল্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।




