জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারের সময় ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকায় আল-রেজা হাসপাতালের সামনে একটি অটোরিকশা থেকে এসব সার জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা গেছে, একটি অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর অতিক্রম করে অন্যত্র নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অটোরিকশাটি থামিয়ে তল্লাশি করেন। এ সময় সারগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছে নিশ্চিত হওয়ার পর তিনি ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেন।
পরে জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, জব্দ করা সার কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।




