মুক্তকাল প্রতিবেদক||
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন থেকে মহিলা যুবলীগের সভাপতি মাফিয়া জান্নাত রিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে জুলাই-আগস্টের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
ঘটনার পর সাংবাদিকরা জামালপুর সদর থানায় যোগাযোগ করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বিষয়টিকে “ছোট ঘটনা” বলে মন্তব্য করেন।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা অযথা বিষয়টিকে বড় করছেন।
এসময় সাংবাদিকরা জানান, রিতা একসময় মেষ্টা ইউনিয়নের মেম্বার ছিলেন এবং আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও নিপীড়ন করে আসছিলেন।
জবাবে ওসি বলেন, আমি এসব জানতাম না। তাকে মামলার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে রিতা এলাকায় প্রভাব বিস্তার করতেন। তার গ্রেপ্তার এবং ওসির মন্তব্যকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।




