জামালপুর প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবাহী অটোরিকশার চাপায় শুভ (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী অটোরিকশার নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শুভ পোগলদিঘা ১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের বড় ছেলে। শুভ দুই সন্তানের মধ্যে বড় ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনসুর ইউনিয়নের শালগ্রাম থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা বয়ড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় দোকান থেকে ফেরার পথে শুভ রাস্তা পার হচ্ছিল। হঠাৎ শিশুটি অটোরিকশার নিচে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার পথে ভাটারা এলাকায় তার মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় মালিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের দাবি, মালিপাড়া মোড়টি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক মোড় এবং এখানে প্রায়ই দ্রুতগতির যান চলাচল করে। তাই অবিলম্বে সেখানে স্পিড ব্রেকার স্থাপনের দাবি তাদের।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




