জেলা প্রতিনিধি, জামালপুরঃ
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা গড়ে তুলতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের আহ্বানের মধ্য দিয়ে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উৎপাদনব্যবস্থার গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। অথচ অনেক শ্রমজীবী মানুষ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও যথাযথ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হলে তাঁদের ন্যায্য পাওনা প্রদান, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং শ্রমিক-মালিকের মধ্যে ন্যায়সংগত সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে।
তাঁরা আরও বলেন, শ্রমিকদের মর্যাদা রক্ষা এবং শোষণ-বৈষম্য দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে সংগঠনটির নেতারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়সংগত মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এতে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ ছামিউল হক ফারুকী, প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, জামালপুর জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল, ভারপ্রাপ্ত সভাপতি হাজী আরজু মিয়া ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো. আতিকুর রহমান বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন জরুরি। শ্রমিকদের ন্যায্য পাওনা, নিরাপদ কর্মপরিবেশ ও মানবিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন শ্রমব্যবস্থা গড়ে তুলতে হবে। শ্রমিকদের কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।




