জামালপুরের মাদারগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় নকলের দায়ে ১২ পরীক্ষার্থী এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্রে এই বহিষ্কারের ঘটনা ঘটে। বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ পরীক্ষার্থী ও এক শিক্ষিকা, মাদারগঞ্জ আব্দুল আলী মির্জাকাশেম কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে ২ দাখিল পরীক্ষার্থী ও এক শিক্ষক, জোনাইল উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখা থেকে ৩ পরীক্ষার্থী ও এক শিক্ষক, এবং ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৩ পরীক্ষার্থী বহিষ্কার করা হয়।
মাদারগঞ্জ উপজেলা ভিজিলেন্স টিমের সদস্য ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
“নকল ও অসদুপায় অবলম্বনের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। আজ ৪টি কেন্দ্র থেকে ১১ পরীক্ষার্থী ও ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।”
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর নজরদারি করছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আজকের বহিষ্কারের ঘটনাও তারই প্রমাণ।”

