কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ীতে চলমান এসএসসি এক পরীক্ষার্থী প্রেমিকের সঙ্গে ঝগড়া করে ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টার খবর পাওয়া গেছে। এই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা কথিত প্রেমিকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১৩ এপ্রিল) সকালে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া মুক্তকালকে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ এপ্রিল) বিকালে পৌরসভার ঝালুপাড়া ব্রীজের ওপর থেকে প্রেমিকের সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দেয় ওই তরুণী। পরে স্থানীয়রা তাকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা গেছে, ওই তরুণী পৌরসভার ১নং ওয়ার্ডের সাতপোয়া গ্রামের মন্ডল মোড় এলাকার দুদু মিয়ার মেয়ে। সে সালেমা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং চলমান এসএসসি পরীক্ষার্থী।
অপরদিকে অভিযুক্ত প্রেমিক সিফাত হোসেন একই এলাকার অবসরপ্রাপ্ত মেলেটারি লাভলু মিয়ার ছেলে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।
অভিযোগকারী দুদু মিয়া বলেন, আমার মেয়ে চলমান এসএসসি পরীক্ষার্থী। সে একটি পরীক্ষা দিয়েছে এবং পরবর্তী পরীক্ষার জন্য শনিবার সকাল সাড়ে ১১টায় তার বান্ধবীর কাছে সাজেশন আনতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর দুপুর গড়িয়ে গেলেও সে বাড়িতে আসে না। পরে আমরা তাকে খোঁজাখুঁজি করছিলাম।
বিকেল সাড়ে ৫টায় নিপ্পন নামে একজন ব্যক্তি বাসায় এসে বলেন আমার মেয়ে হাসপাতালে ভর্তি। পরে আমরা দ্রুত হাসপাতালে যাই এবং গিয়ে এই অবস্থা দেখতে পাই ও বিষয়টি জানতে পারি।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি, সিফাত নামে একটি ছেলে আমার নাবালিকা মেয়েকে ভুলিয়ে ভালিয়ে প্রেমের নামে প্রতারণা করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই অন্যায়ের বিচার চাই।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সাদ মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




