কবীর আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের সরিষাবাড়ীতে আকতারা বেগম (৪২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আকতারা বেগম চার কন্যা সন্তানের মা ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য তার স্বামী শান্ত মিয়া সহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সরিষাবাড়ী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গাছ বয়ড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে শান্ত মিয়া ও একই ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত সফর আলী মন্ডলের মেয়ে আকতারা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে জন্ম নেয় চারটি কন্যা সন্তান। তিনটি মেয়ে বিয়ে দিয়েছেন।
হঠাৎ গত বৃহস্পতিবার স্বামীর বাড়ি গাছ বয়ড়া থেকে আকতারা বেগমকে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিহতের স্বামী শান্ত মিয়া সহ পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে বাড়ি ফিরে যান।
পরে শুক্রবার সকালে আকতারা বেগমের বাবার বাড়ি চকপাড়ায় বাড়ির পিছনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে দেখা যায় আকতারা বেগমের পা মাটিতে স্পর্শ করা অবস্থায় একটি ছোট চিকন গাছের সাথে ফাঁস নেওয়া, তা দেখে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. চাঁদ মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।




