Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:05 pm
জামালপুর

মেলান্দহ স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে দুইজন গ্রেপ্তার

মেলান্দহ স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগে দুইজন গ্রেপ্তার

সাজ্জাদ হোসাইন শাহিন- স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ঢাকা রুটের দুটি আন্তঃনগর ট্রেনের ৩০টি আসনের ১০টি অনলাইন টিকিট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Advertisement

শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানার পুলিশ মেলান্দহ রেলস্টেশন প্ল্যাটফর্মে বিশেষ অভিযান চালিয়ে মো. বিল্লাল (৩০) ও মো. সিরাজুল ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করে।
রেলওয়ে পুলিশ জানায়, বিল্লালের কাছ থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের ১৮টি আসনের সাতটি এবং সিরাজুল ইসলামের কাছ থেকে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ১২টি আসনের তিনটি অনলাইন টিকিট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১০টি টিকিটে মোট ৩০টি আসন সংরক্ষিত ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা পরিচিত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে আগাম অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। পরে সেগুলো নিজেদের কাছে রেখে চাহিদা অনুযায়ী যাত্রীদের কাছে দ্বিগুণ দামে বিক্রি করতেন। স্টেশনের বিভিন্ন স্থানে অবস্থান করে ঢাকাগামী যাত্রীদের কাছেও টিকিট বিক্রি করতেন বলে তারা স্বীকার করেছেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে রেলওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement